পোর্ট সিটি ইউনিভার্সিটি ডিবেট ফোরামের নতুন নেতৃত্বের শপথ
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (পিসিআইইউ)-এর অন্যতম সহশিক্ষা সংগঠন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ফোরাম (পিসিডিএফ)-এর চতুর্থ কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিসিডিএফ-এর কো-অর্ডিনেটর আতাউস সামাদ রাজু। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. রাশেদ খান মিলন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফাহমিদা আক্তার, সিএসসি বিভাগের লেকচারার তাসমিন আক্তার এবং সাংবাদিকতা বিভাগের লেকচারার গিয়াস উদ্দিন রিয়াদসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
পিসিডিএফ-এর সভাপতি আসাবুল ইসলাম রাতুলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে কুলসুম তারিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ডিবেট ফোরামের সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির ২১টি পদে নবনিযুক্ত সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আসাবুল ইসলাম রাতুল, সহসভাপতি ইব্রাহিম খলিল উল্লাহ, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে কুলসুম তারিন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ডিবেট সম্পাদক জিহাদুল ইসলাম রাফি, অর্থ সম্পাদক ফাহমিদা রুবাইয়াত নাজিফা, দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহারফ এবং প্রেস ও মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব নেন তকি মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে একটি রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল— ‘এই সংসদ মনে করে, অ্যাটেনডেন্সের চেয়ে অ্যাটেনডেন্সের মার্কস বেশি গুরুত্বপূর্ণ।’
বিতর্কটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে।
অনুষ্ঠানের শেষ পর্বে পিসিডিএফ-এর সাবেক দপ্তর সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ সংগঠনের পূর্ববর্তী কার্যক্রম ও অর্জন তুলে ধরেন। এরপর সভাপতি আসাবুল ইসলাম রাতুল নবগঠিত কমিটির লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, যুক্তিবাদী চিন্তাচর্চা, নেতৃত্ব বিকাশ এবং মুক্ত মত প্রকাশে ডিবেট ফোরামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নবগঠিত কার্যনির্বাহী কমিটির সার্বিক সফলতা কামনা করেন এবং শিক্ষার্থীদের বিতর্কচর্চায় আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
শিক্ষা সব খবর















